সবার মূলে একের খেলা

সবার মূলে একের খেলা, দুইয়ের কোন স্থিতি নাই। এই ভব এক রঙ্গমঞ্চ পুতুল নাচে দেখতে পাই।। যার খেলা সেই খেলিতেছে, আমি তুমি ভাবি মিছে। এক হয়ে সব যেতে হবে এ’ছাড়া যে গতি নাই।। এক হইয়া নাহি গেলে, দিবেরে আগুনে ফেলে। পুড়ে পিটে শুধরিয়ে সব একেতে মিশাবে ভাই।। সাত দোজখ পার হয়ে গেলে, বেহেস্তে দিবে তুলে। […]

সবার মূলে একের খেলা, দুইয়ের কোন স্থিতি নাই।
এই ভব এক রঙ্গমঞ্চ পুতুল নাচে দেখতে পাই।।

যার খেলা সেই খেলিতেছে, আমি তুমি ভাবি মিছে।
এক হয়ে সব যেতে হবে এ’ছাড়া যে গতি নাই।।

এক হইয়া নাহি গেলে, দিবেরে আগুনে ফেলে।
পুড়ে পিটে শুধরিয়ে সব একেতে মিশাবে ভাই।।

সাত দোজখ পার হয়ে গেলে, বেহেস্তে দিবে তুলে।
ওখানেও জানবে ভাইরে দুইয়ের তফাৎ মিটে নাই।।

আল্লাহ তা’লা যবে দিবে, সেরা বেহেস্তেতে সবে।
সুখে বহুদিন গেলে এক নূর দেখিবে ভাই।।

আল্লাহ তা’লা স্বয়ং সে নূর, যার কুদরতে সবই জহুর।
সবে সেজদায় পড়ে তখন বহু যুগ দিবে কাটাই।।

তারপর নছিবের জোরে যেবা যত দিন পরে।
আল্লাহর সনে মিলবে গিয়ে মিলন হবে সেদিন ভাই।।

চল সবে সফি বলে, মাইজভাণ্ডারীর চরণ তলে।
ঘুচে যাবে দুইয়ের তফাৎ একেতে দিবেন মিশাই।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী