সদা ভাইবে দেখ মন আমার,
কি কল বানাইল প্রভু দেহেতে বান্দার।।
নেত্র তালা এক ইঞ্জিলে, ছয়টি পাকায় কলটি চলে।
চলে কল হাওয়ার বলে, ভাবাগুনে ইঞ্জিন তার।।
চলে কল তিন তারে, তিন টেণ্ডল তিন ঘরে।
অহোরাত্র হু হু করে বিশ্রাম নাহিক তার।।
উর্ধ তালায় নবী নূরী, দ্বিতীয়তে আর্শে বারী।
তৃতীয় তালাতে দেখ, কল চালানের কারবার।।
তার নিচে পাই বান্দারে, সদা কল পরিষ্কারে।
অলি গাউস পয়গাম্বরের যাতায়াতের সেই দ্বার।।
সেই শতদল দ্বারে, না গেলে সে মনিপুরে।
সে জন প্রভুর দ্বারে অলি হওয়া মহাভার।।