লাগত পাইতামরে যদি দেখা পাইতামরে,
মাথার চুলে পায়ে বেড়ী লাগাইতাম তোরে।।
গালে দিয়ে ফুলের মালা সাজাইতাম বন্ধুয়ার গলা,
সাত তলার উপরে তোরে বসাইতামরে।।
নয়ন জলে স্নান করাইতাম রক্ত দিয়ে সিঁদুর দিতাম।
আপন গলে ছুরি দিয়ে সেবা দিতামরে।।
নয় দরজা বন্ধ করি রাখিতাম যত্ন করি।
নয়নে দেখিয়া তোরে প্রাণ জুড়াইতামরে।।
রগের তার বানাইয়া সেতার বানাইতাম কায়া।
রস রঙ্গে প্রেম তরঙ্গে বাজাইতামরে।।
চামড়ার মশারী দিয়া, লুকাই রাখতাম প্রাণ প্রিয়া।
কলিজা কাবাব বানাই তোরে দিতামরে।।
না থাকিত বিচ্ছেদ জ্বালা, পড়ি থাকতাম কদমতলা।
আঁধার ঘরের মানিক রওশন বানাইতাম তোরে।।
এই দাসের মায়া ছাড়ি কোথায় রইলা মাইজভাণ্ডারী।
তোমার লাগি লোকের বৈরী হইলাম সংসারে।।