মানব তরী চালাইও কৌশলে

মানব তরী চালাইও কৌশলে মন মাঝি ভাই, মানব তরী চালাইও কৌশলে।। সাড়ে তিন হাত তরীখান ঠিক রাখিও মন সোপান, ভাসাইয়া দিও ভব সমুদ্রের জলে, ত্রি কোণার বাতাস ধরিয়া, নামের বাদাম উড়াইয়া, সাধের তরী বাইও কৌতুহলে মন মাঝি ভাই।। ভব সমুদ্রে মৌজা ভারী, হুসিয়ারে দিও পাড়ি, আকাশে পাতালে ঢেউ খেলে, হইয়া মাঝি খুব সাহসী, অনুরাগের জাঙ্গা […]

মানব তরী চালাইও কৌশলে মন মাঝি ভাই,
মানব তরী চালাইও কৌশলে।।

সাড়ে তিন হাত তরীখান ঠিক রাখিও মন সোপান,
ভাসাইয়া দিও ভব সমুদ্রের জলে,
ত্রি কোণার বাতাস ধরিয়া, নামের বাদাম উড়াইয়া,
সাধের তরী বাইও কৌতুহলে মন মাঝি ভাই।।

ভব সমুদ্রে মৌজা ভারী, হুসিয়ারে দিও পাড়ি,
আকাশে পাতালে ঢেউ খেলে,
হইয়া মাঝি খুব সাহসী, অনুরাগের জাঙ্গা রশি,
বান্ধ কষি ভক্তির মাস্তুলে মন মাঝি ভাই।।

বিশ্বাসের বৈঠা দিয়া, মায়ার ঢেউ লও কাটিয়া,
মুর্শিদের নাম রাখি দিলে দিলে,
মেঘ বৃষ্টি ঝড় বাদলে, বন্ধ হবে নামের বলে,
পালের তরী চলবে তালে তালে মন মাঝি ভাই।।

নৌকায় আছে ছয় জন দাঁড়ি, তারা কিন্তু চতুরা ভারী,
সুযোগ পাইলে চড়ায় দিবে তুলে,
মুর্শিদ নামের বৈঠা ধর, থাকবে না হে দাঁড়ির ডর,
পালাইয়া যাবে নামের দোহাই দিলে মন মাঝি ভাই।।

গুণিমন্ত রসিক নাইয়া, মাশুকপুরের ঘাটে গিয়া,
আমার বন্ধুর দেখা পাইলে,
আমার যত দুঃখ আছে, বলিও বন্ধুয়ার কাছে,
বিনয় বচনে আমিন বলে মন মাঝি ভাই।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী