মন আমার আল্লা বলরে, মন আমার আল্লা বলরে।
দম কলেতে দম ফুঁকি, আল্লা আল্লা বলরে।। রে মন
দমের ঘরে থাকে দুনো মরণ জীবন।
না চলিলে দমের কল তখন মরণ।। রে মন
যার দিলে আল্লা নামের নক্স বসিলে।
নক্স লক্ষে আল্লার দিদার পাইলে।। রে মন
যার হৃদে প্রবেশিছে সে নাম মুরতি।
ঘট পূর্ণ হৈল তার প্রকাশিল জ্যোতি।। রে মন
সেই জ্যোতি প্রকাশয়ে গুপ্ত ভেদ মূল।
সেই জ্যোতি বিকাশয়ে ইমানের ফুল।। রে মন
সেই জ্যোতি হবে তোর কবর চেরাগ।
সেই জ্যোতি হবে তোর বেহেশ্তের বাগ।। রে মন
সেই জ্যোতি জ্যোতে হবি পুলছিরাত পার।
সেই জ্যোতে প্রবেশিবে বেহেশ্ত মাঝার।। রে মন
সেই জ্যোতি জ্যোতে পাবে আল্লার দিদার।
সেই জ্যোতি জ্যোতে হবে সকলি সুসার।। রে মন
সেই আল্লাহর নক্সা আউলিয়া আঁকার।
গুরু ছলে ভবে আসি করে পরিষ্কার।। রে মন
সূরায়ে ইক্রা পড় খুলিয়ে কুরআন।
তবে আমার কথা পরে পাইবি প্রমাণ।। রে মন
ইছমে রব্বেক খোদার নাম নবীর আঁকার।
আউলিয়া ছুরতে এখন হৈয়াছে প্রচার।। রে মন
মাইজভাণ্ডার ফুল বাগানে সে ছুরতি ফুল।
রূপ রঙ্গে ত্রিভুবন কৈরাছে মকবুল।। রে মন