বাবার দাসগণের কি ভয়, ভাণ্ডারী তুই বড় দয়াময়,
যার নামেরি দোহাই দিলে কাল শমনে করে ভয়।।
বাবা রহিম রহমান,
পলকে এক করতে পারে জমিন আসমান,
হুর ফেরেস্তা জ্বীন ইনসান তাঁর দয়াতে সৃষ্টি হয়।।
শুন যত বন্ধুগণ,
ভক্তি-লতা জড়াই ধর ভাণ্ডারীর চরণ,
মহা নিদান হবে মোচন, আউয়াল আখের হবে জয়।।
জ্বীন-ইনসান সবার আল-হাসান,
ছদ্মবেশে নবরূপে এল রহমান,
হায়াত মউত রিজিকি দৌলত তার কুদরতের হাতে রয়।।
ভাণ্ডারীর নাম সাধন হইল যার,
মহাধনে ধনী হইল দুই কুলে সর্দার,
জ্বীন ইনসান ফেরেস্তা খোদার কদমে নত রয়।।
অধীন আমিনে বলে,
জুমলে জাহান কাঁপে বাবার নাম শুনিলে,
ঐ কদম যার ভাগ্যে মিলে গাউসুল আযম তারে কয়।।