কে তুমি জানিতে যদি

কে তুমি জানিতে যদি, শুনরে মানবি যত। তা হলে কি এ জগতে, তোমারি এ দশা হত।। হয়ে ছিলে সর্বশ্রেষ্ঠ, স্বভাবে হয়েছ নষ্ট। শৃগাল কুকুর হেন, হতে হল মাথা নত।। মসজিদে মন্দিরে তুমি, কোরান পুরাণ তুমি। খোদার খোদাই তুমি, তোমার মধ্যে ত্রিজগত।। আদি পিতা আদমেরে, নইলে কি ছজিদা করে। (তুমি) জন্মিয়ে আদমের ঘরে, বুঝ না বুঝিবার […]

কে তুমি জানিতে যদি, শুনরে মানবি যত।
তা হলে কি এ জগতে, তোমারি এ দশা হত।।

হয়ে ছিলে সর্বশ্রেষ্ঠ, স্বভাবে হয়েছ নষ্ট।
শৃগাল কুকুর হেন, হতে হল মাথা নত।।

মসজিদে মন্দিরে তুমি, কোরান পুরাণ তুমি।
খোদার খোদাই তুমি, তোমার মধ্যে ত্রিজগত।।

আদি পিতা আদমেরে, নইলে কি ছজিদা করে।
(তুমি) জন্মিয়ে আদমের ঘরে, বুঝ না বুঝিবার মত।।

শিখিয়াছ বিদ্যা বুদ্ধি, কর’না আপনা শুদ্ধি।
পরেরে বুঝায়ে থাক, নিজে হলে বুদ্ধি হত।।

কেতাব কালাম যত, করিয়ে অতল গত।
ভক্তি ভরে গুরু পদ, ভজহে ভক্তের মত।।

দেখিবে অন্তরের চক্ষে, কথা কবি বিনা মুখে।
ভক্তি করিবে তোরে, স্বর্গের দেবতা যত।।

বেবুঝা করিমের কথা, বুঝিলে হবেনা বৃথা।
আজীবন হয়ে থাক, শ্রীগুরুর চরণ গত।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

কে তুমি জানিতে যদি