আমি তো মথুরাবাসী পরবাসে আসিতে হল,
নোনা জলে স্নান করিয়া সোনার অঙ্গ মলিন হল।।
ছাড়িয়া আপন ঘর, এসেছি আদম নগর।
চার তলার উপরে আমার সোনার পালঙ্ক খালি রইল।।
পূর্ণ যৌবন রূপসীনি, ঘরে রইল একাকিনী।
হাতে লইয়া ফুলের মালা আমার পানে চাইয়া রইল।।
মন মোহিনীর ফুল বাগানে, ছিলাম আমি আকুল প্রাণে।
পান করিতাম ফুলের মধু এই সুখ আমার কোথায় রইল।।
লতিফে কয় মনের ডরে, যেতে নারি আপন ঘরে।
প্রেম ঘাট পার হইতে কত মানুষ বসি রইল।।