পাড়ার লোকে প্রেম করিতে কয়

পাড়ার লোকে প্রেম করিতে কয় গোপনে তারা না জানে। আমি চাপিয়া রাখলে ফাটিয়া উঠে, গোপনে রাখি কেমনে। আমার প্রেম সাগরের জল, জোয়ার হয় যখন প্রবল, কুল ভাসিয়ে জল চলে যায় কেমনে রাখি বল, তাতে ভাটা হয় না নিত্য জোয়ার জল, চলে যায় উজানে। কারে কই দুঃখের কথা, এমন দরদী কোথা, বন্ধ্যায় কি বুঝে কোনদিন প্রসবের […]

পাড়ার লোকে প্রেম করিতে কয় গোপনে তারা না জানে।
আমি চাপিয়া রাখলে ফাটিয়া উঠে, গোপনে রাখি কেমনে।

আমার প্রেম সাগরের জল, জোয়ার হয় যখন প্রবল,
কুল ভাসিয়ে জল চলে যায় কেমনে রাখি বল,
তাতে ভাটা হয় না নিত্য জোয়ার জল, চলে যায় উজানে।

কারে কই দুঃখের কথা, এমন দরদী কোথা,
বন্ধ্যায় কি বুঝে কোনদিন প্রসবের ব্যথা,
সে বুঝে মোর মনের ব্যথা, যে আছে এই সন্ধানে।

প্রেম কি অমূল্য ধন, তা কি জানে অন্যজন,
জহুরী বিহনে হীরা চিনে কি কখন,
রমেশ কয় মাওলার প্রেম কেমনে, জানে সব আশেকানে।

লেখক: কবিয়াল রমেশ শীল

পাড়ার লোকে প্রেম করিতে কয়