আয়ু-দিবা সন্ধ্যা হল, এই জীবনের অবসান,
সম্মুখে অন্তিমের পাড়, ঢেউ দেখিয়ে কাঁপে প্রাণ।।
যুগ যুগান্তের গৃহত্যাগী,
হয়েছি কলঙ্কের ভাগী,
লাভের আশা মূলে নাশা ফলে শুধু অভিমান।।
ভব দেশের পরবাসী,
বহুদূর হতে আসি,
মায়াজালে রলেম ফাঁসি শূন্য হাতে অভিযান।।
দিন কাটাইলাম হেলে ঢলে,
যৌবন গেল অবহেলে,
বার্ধক্যে দিয়াছে বেড়ী শমনে দিয়াছে টান।।
হাতেতে সম্বল নাই,
কি লইয়া ঘরে যাই,
কি উত্তর দিব গিয়া গৃহস্বামীর সন্নিধান।।
পন্থ বিভীষিকাময়,
গমনে হতেছে ভয়,
ধরেছে ঐ জগত্রাণ মাওলা ধনের পাক দামান।।
তোমার দয়ার বল,
মাত্র আছে এ সম্বল,
দয়া করি দয়াল মাওলা দয়া দৃষ্টি কর দান।।
করিমের শেষ জীবনে,
এই ভরসা রাখছি মনে,
তোমাকে সম্মুখে রেখে গেয়ে যাব শেষের গান।।