প্রিয়ে ধনে কি অনল জ্বালিলরে।
জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে।।
দেখাই চরণ খানি, বক্ষে প্রেমবাণ হানি।
সংসার ত্যাজাই প্রেমে মজালরে।।
দেখা দিয়ে শ্যাম চান্দে, ফেলিয়ে প্রেমের ফান্দে।
প্রেম ডোরে বেন্ধে মন হরিলরে।।
হাসি হাসি বাজাই বাঁশি, প্রেমে বানাই উদাসী।
গলে কষি প্রেম ফাঁসি বধিলরে।।
প্রেমসুরা পানাইয়ে হস্তে ধৈরে প্রেম শিখায়ে।
প্রেমে মজাই দিওয়ানা করিলরে।।
দেখাইয়ে ইন্দু মুখ, লাগাইয়ে বুকে বুক।
আজু মোরে দুঃখ সাগরে ভাসালরে।।
আসিল বসন্ত ঋত, কুকিলে গায়েন্ত গীত।
অলির গুন গুনে জ্বালা বাড়িলরে।।
হায় হায় জ্বৈলে যাই, মাওলা ধন কোথা পাই।
মকবুল মাওলানা বিনে মরিলরে।।