যে অবধি হৃদে প্রিয়ে করেছেন আসন,
যে দিকে ফিরাই আঁখি পাই দরশন।
আকাশে পাতালে দেখি, জলে আর স্থলে দেখি,
হুরদলে নরকূলে অরুণ যেমন।
মিছিরে মাশুক ছলে, আরবে আহামদ বলে,
ইন্দ্রকুলে দেব বলে সকল পূজন।
ত্রিভূবনে সর্ব স্থানে, তরুলতা বৃন্দাবনে,
পুষ্পাসনে দেখি প্রিয়ে ভ্রমর তুলন।
নূরী নারী খাকী বাদি, আবি যত জীব আদি,
সব দেখি প্রিয়ের নূরে ব্যাপিত রৌশন।
গাউছ বেশ ধরি কখন, তিলে হরে আশেকের মন,
ক্ষণে দেখি হাদী বেশে কলঙ্কের ভাজন।