সাধ করি পালছি পাখি অতি সযতনে রাখি।
তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি।।
সু-রব শুনিয়া তাঁর, হরষিত বারে বার।
আজু কোথা গেল পাখি কে দিল আমায় ফাঁকি।।
হারাই পরাণ পাখি হই অতিশয় দুঃখী।
বন বৃন্দাবনে দেখি কোথা গেল প্রাণ পাখি।।
হেন কার নিঠুর মন, কে নিল পরাণ ধন।
সে ধন বিচ্ছেদে মম জীবনের নাই বাকী।।
মকবুলে না পেলে পাখি, প্রাণ দিব তাহে ডাকি।
কোন নিঠুরে লুকাইলি আনি দে আমারি পাখি।।