যায় যাউক কুল মান যাবে, তবু তোমায় ছাড়বনা।
না জানি কি দেখাই বন্ধু মোরে কৈল্যা দিওয়ানা।।
যদি প্রিয়া চাঁদী হইতা হাতে বাজুবন দিতা।
চন্দ্রহার হাসুলি বালী গলে দিতাম চিকদানা।।
যদি হইতা রত্ন আদী রাখিতাম আঞ্চলে বাঁধি।
যদি স্বর্ণ হইতা প্রিয়ে নাকে দিতাম নথখানা।।
হস্তেতে দিতাম আংটি মাথায় দিতাম সিঁথি পাটি।
বুলাক নাক ফুল দিতাম কর্ণ ফুল দুই খানা।।
সব অলঙ্কার পৈরে বসিতাম খিড়কীর দ্বারে।
ছালামের নয়ন ঠারে ভুলাইতেম রসিক জনা।।
এখন কি করি হীন, ওহে প্রিয়ে গাউস ধন।
চরণ দানে শান্ত কর দাসের এই যন্ত্রণা।।