তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা ।
তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি,
তুমি বন্ধু আমার মন বুঝ না ॥
তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন এ বুকে জ্বেলে,
একদিনও দেখিতে তুমি এলে না।
তোমায় পেলে মোর দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে,
বুকের জ্বালা মুখে বলা চলে না ॥
কাষ্ঠ যোগে দাবানলে, জ্বালায় পোড়ায় বন জঙ্গল,
মন পোড়ানো আগুন বন্ধু তাহা না।
কতো বিরহিনী অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে,
জলে গেলে জ্বলে একি যাতনা ॥
আমি ঘুরি জনমে জনমে, ক্ষিতি অব তেজঃ মরুৎ ব্যোমে,
খুঁজে ফিরিয়ে তোমারি ঠিকানা।
পাগল বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর,
বুকে রইলো ব্যাথা ভরা বাসনা ॥
লেখক: বিজয় সরকার