কাবাব হৈয়াছি অহে সখীগণ,
বিচ্ছেদেরানলে জ্বৈলে রাত্র দিনে।
কান্দিতে কান্দিতে গেল দু’নয়নী,
কেমনে বাঁচিব বন্ধুয়া বিহনে।।
সময় বসন্তে রজনী প্রভাতে,
ভ্রমরে গুঞ্জরে কুসুম্ব উপরে।
কুকিলের স্বরে মনে হা-হাঙ্কারে,
কেমনে বাঁচিব বন্ধুয়া বিহনে।।
যমুনারি কূলে বসিয়ে বিরলে
বাঁশরীর স্বরে কান্দি হু-হু কৈরে।
পরাণ হরিয়ে গেল লুকাইয়ে,
কেমনে বাঁচিব বন্ধুয়া বিহনে।।
বন বৃন্দাবনে না পাই তাঁহানে,
তাঁন নাম জপি কুহুরি বিলাপী।
হৃদ শয্যা পরে বসাব কাহারে,
কেমনে বাঁচিব বন্ধুয়া বিহনে।।
অহে পঞ্চপ্রাণ প্রিয়ে গাউসেধন
দিয়ে দরশন শান্ত কর প্রাণ।
মকবুলে ভৃত্যের লক্ষ নাহি আর,
কেমনে বাঁচিব বন্ধুয়া বিহনে।।