ওহে প্রাণকান্ত, আসিল বসন্ত,
নাই সুখ অন্ত, প্রেমেরি উদ্যানে।
পুস্প বিকশিত, চৌদিকে মোহিত,
অলি উল্লাসিত, ভ্রমে প্রেম গানে।।
চন্দ্র পরিপূর্ণ, সর্বত্রে প্রসন্ন,
পুলকিত মন, পুস্পের সুঘ্রাণে।
কুসুম মঞ্জরে, গুনু গুনু কৈরে,
ভ্রমরে গুঞ্জরে, ফুলের বাগানে।।
পাখীর ঝঙ্কারে, কোকিলের স্বরে,
প্রাণে হাহাঙ্কারে, প্রাণসখা বিনে।
হৃদ মধুস্থলে, সমীর হিল্লোলে,
সদা হেলে দোলে, প্রিয়ার কারণে।।
মম মধুকর, আসিয়ে সত্বর,
কর সমাদর, হৃদ মধুপানে।
মিশিয়ে দু’জন, নয়নে নয়ন,
প্রণয় প্রদান, কর আলিঙ্গনে।।
হৃদয়েরি ধন, ভাণ্ডারী সুজন,
করহ আসন, হৃদ সিংহাসনে।
মকবুল মারিয়ে, চরণে মিশায়ে,
একাকার হৈয়ে, তোষ সুদর্শনে।।