আমার বন্ধুর জন্য মন উদাসি

আমার বন্ধুর জন্য মন উদাসি গো বিচ্ছেদ জ্বালায় জীবন যায়, পরাণে তাহারে চায়। আমি লোকের মন্দ পুষ্প চন্দন গো সখি, করলেম বন্ধুর প্রেম আশায়। রহমান মনজিলে বসি, প্রাণ বন্ধু দিবা নিশি, তৌহিদের বাঁশরি ফুকায়। তারে দেখলে তরি, নয় গো মরিগো সখি, আমার ঘরে থাকা হল দায়। বিচ্ছেদ জ্বালা সইব কত, বন পোড়া হরিণীর মত, কে […]

আমার বন্ধুর জন্য মন উদাসি গো বিচ্ছেদ জ্বালায় জীবন যায়,
পরাণে তাহারে চায়।
আমি লোকের মন্দ পুষ্প চন্দন গো সখি,
করলেম বন্ধুর প্রেম আশায়।

রহমান মনজিলে বসি,
প্রাণ বন্ধু দিবা নিশি,
তৌহিদের বাঁশরি ফুকায়।
তারে দেখলে তরি, নয় গো মরিগো সখি,
আমার ঘরে থাকা হল দায়।

বিচ্ছেদ জ্বালা সইব কত,
বন পোড়া হরিণীর মত,
কে আছে আর এত জ্বালায়।
আমি ফুলের রেণুর শয্যা করে গো সখি
শুলে অঙ্গ না জুড়ায়।

প্রেম সাগরে ঝাঁপ দিয়াছি,
কুল মান হারায়েছি,
আমি যার তার হবার আশায়।
আমার ধর্ম কর্ম পাপ আর পুণ্য গো সখি,
সব দিয়ছি বন্ধুর পায়।

পুলছেরাত আর দোজখের ভয়
ভাল মন্দ তার হাতে রয়,
তাতে কি আমার আসে যায়।
বন্ধুর রূপের পানে নয়ন রেখে গো সখি
রমেশের যেন জীবন যায়।।

লেখক: কবিয়াল রমেশ শীল

আমার বন্ধুর জন্য মন উদাসি