অধৈর্য বিরহ তাপে, সংসার জ্বলিয়া যায়।
অদর্শনে তাপী প্রাণে, করে সদা হায় হায়।।
দুঃখ বলি কারে ভাই, জগতে বুঝিবার নাই।
ভাসে প্রাণ প্রেম তরঙ্গে, কুল কিনারা নাহি পাই।।
মোর প্রেম হুতাশনে, দহি গেল বন কাননে।
পীক রাশি অলিকুল, চৌদিকে উড়িয়া যায়।।
প্রেম যে পরম ধন, কি জানিবে মূর্খ জন।
জোঁকে পোঁকে রে কখন, পুষ্পের গন্ধ নাহি পায়।।
রসিকে রসিকে হলে, তারি স্বর্গ ভূমণ্ডলে।
অরসিকের সঙ্গে প্রেম, জীবন রাখা হল দায়।।
এ মহিমণ্ডলে আসি, ভালবাসা ভালবাসি।
অনেক যাতনা পেয়ে, করিম চলিয়া যায়।।