জনম মরণ তারণ কারণ নরক বারণ ভাণ্ডারী,
এসে ধরণীতে চলে নরণীতে নরেতে চিনিতে না পারি,
মানুষ মাঝে মানুষ সমাজে দিতেছে প্রেম বিতরি।
ভাগ্যহীন জনে, সন্দেহ এনে মনে,
এই জমানার আমিনে চিনবে কি করি।
মজ্জুবের পর্দায় আঁকি ছালেক ভিতরে রাখি,
আহা দিয়া খেলা খেলে ভাণ্ডারী।
যেই গিয়েছে ভাবের ঘরে, রহমত বর্ষায়ে তারে,
এলম লদুন হৃদ মাঝারে করে দে জারি।
জমানার আমিন বিনে আউয়াল আখের দোজাহানে,
কে ত্বরাবে মানব গণে দেখ বিচারি।
রমেশ বলে চল ভাই, ভাণ্ডারীর কদমে যাই,
পানা মাগ নয় উপায় কিছু না হেরি।।