আজব কারিগর বন্ধু আজব কারিগর।
প্রেম কাচারি তৈয়ার করি লুকায়ে আছে তার ভিতর।।
ঘরের রগে রগে বান,
হামাউচের ঘরে আছে পূর্ণিমাসির চাঁন।
নয় দরজা দেখতে সোজা দুই দরজা কাবার ঘর।।
বন্ধু বড় সন্ধানি,
ঝড় বাদলে জল পড়ে না চামড়া দি ছানি।
সারা ঘরে একটি ঠুনি তালা বন্ধ তার উপর।।
বন্ধুর বুদ্ধি চমৎকার,
স্থানে স্থানে বসায়েছে টেলিগ্রাফের তার।
কলবেতে ঝলক মারে পলকে লয় সব খবর।।
খাদেম রমেশে বলে,
বন্ধু সঙ্গে দেখা হবে ঈমান ঠিক হলে।
ঈমান বিনে পায় না তারে গেলে এক হাজার বছর।।