যাবি যদি নূর নগরে যেথায় খেলে রহমান,
সময় থাকতে ধর গিয়া পীরের কদমখান।।
আল্লাহ রাসূল যেথায় খেলে,
এক হয়ে রয় দোহে মিলে।
দয়া হলে মুরশিদ চাঁদের খুলে দিবে দুই নয়ন।।
ডাইনে সূর্য বামে চন্দ্রা,
মধ্যে রয় এক নূরের বেরা।
ছায়া পথে আদম ছুরত কার রূপে রয় বিদ্যমান।।
হাওয়া রূপি হাওয়ার জাতি,
ধরিয়া বিদ্যুতের বাতি।
চোখের কোণে অলক টেনে কে করে তোর আকুল প্রাণ।।
যেই নূরেতে জগত পয়দা,
তিনি সেই নূর বলেন আল্লাহ।
কেমনে দোহে হলেন জুদা, দিবেন সেই ভেদের বয়ান।।
জ্ঞানের বাতি জ্বালাবেন ঘরে,
আর্শ কোথায় বিরাজ করে।
রসূল কি মাহমুদা পুরে, মোমেন হবার কি সন্ধান।।
মাইজভাণ্ডার কোন ভাণ্ডারে,
কেবা সেথা বিরাজ করে।
রহমানের মঞ্জিল কোথায় চিন সফির এই বয়ান।।