ভব পিরিতে মন মৈজ না।
বেশ্যার পিরিতি কভু থাকে না।।
ঢেউ পরে ঘর করে থর থর।
সাগর তরঙ্গে ঘর টিকে না।।
যাদুকরী বাসা, তাতে কি ভরসা।
যাদুকরী রঙ্গ মহল রবে না।।
চারি শত্রু ঘর, আছে মহা ডর।
জ্ঞানবান হেন ঘরে থাকে না।।
ছেড়ে ভব মায়া, ভাঙ্গি স্বর্ণ কায়া।
তমঃ কারা ঘরে কি তুই যাবি না।।
যম দূতে আসি, প্রাণ নিবে কষি।
ইষ্ট মিত্র কেহ রাখতে পারবে না।।
অন্ধ কারাগারে ফেলি দিব তোরে।
ভাই বন্ধু কেহ ফিরে দেখবে না।।
মকবুল বেহায়া, ত্যাজি ভব মায়া।
মাওলানার রাঙ্গা পদ ভজ না।।