ভুলিবনা আর কখনও ছাড়িবনা আর

ভুলিবনা আর কখনও ছাড়িবনা আর, পেয়েছি মনের মাঝে ঠিকানা তোমার।। কোরান হাদিস বিছে, তোমার বর্ণনা আছে। বুঝিতে কার সাধ্য আছে সাধন বিনে আর।। লাইছা কা মিছলী সাই, কোরানেতে দেখ যাই। সে রয়েছে রূপ ধরে গাউস মাইজভাণ্ডার।। ছিদ-রাতুল মুনতেহা যাই ঘুরিয়া যাহারে চাই, বিনা কষ্টে তারে পাই মাইজভাণ্ডার মাঝার।। কোরানের ভেদ বাগানে, আসন করে মাওলা ধনে, […]

ভুলিবনা আর কখনও ছাড়িবনা আর,
পেয়েছি মনের মাঝে ঠিকানা তোমার।।

কোরান হাদিস বিছে, তোমার বর্ণনা আছে।
বুঝিতে কার সাধ্য আছে সাধন বিনে আর।।

লাইছা কা মিছলী সাই, কোরানেতে দেখ যাই।
সে রয়েছে রূপ ধরে গাউস মাইজভাণ্ডার।।

ছিদ-রাতুল মুনতেহা যাই ঘুরিয়া যাহারে চাই,
বিনা কষ্টে তারে পাই মাইজভাণ্ডার মাঝার।।

কোরানের ভেদ বাগানে, আসন করে মাওলা ধনে,
সদায় ঘুরে আশেক গণে মধু খাইবার।।

হৃদয়ের নয়ন খুলি, লওনারে ভাই আর তুলি।
নাহানু আকরাবু আছে কোরান মাঝার।।

লা ইয়াছ আনি আরদি বলি, প্রভু আমায় দিচ্ছে বলি,
হাদিস কুদসির মাঝে এই মত প্রচার।।

হাদিসের কিতাব ঘুরি লওনারে মন তালাশ করি,
আহাম্মদ বেমীম বলে রসূলে মোখতার।।

আমি তুমি এক জানি, ভিন্ন কভু নাহি মানি,
আহাদ আহাম্মদ কেবল বাহানা তোমার।।

রসূলাল্লাহ্ সাধন করে নবুয়ত হাসেল করে,
কোরান প্রচার করে সবার মাঝার।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

ভুলিবনা আর কখনও ছাড়িবনা আর