ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ, আমার মাওলাধন,
ভিক্ষা মাগি শ্রীচরণে দুই চরণ।।
এই ভব শ্মশানে আমায় রেখে একা প্রাণ,
তুমি হলে অন্তর্ধান,
চৌদিকেতে ভূতের বাসা ত্রাসে বিকম্পিত মন।।
জগত যাতনা-রূপী দানবের দল,
তারা বড়ই চঞ্চল,
মানতে চায় না দোহাই-ধর্ম করল মোরে জ্বালাতন।।
পাব আশে যোগীর বেশে দেশ দেশান্তর
ঘুরে হয়েছি কাতর,
বৃথায় জনম গেল পেলাম না রে দরশন।।
সুদূর সমুদ্র পাড়ে দিলা বনবাস,
তবু ছাড়িনি কো আশ,
একদিন হবে গো তোমার কৃপা সিন্ধুর উথলন।।
মহা অপরাধী আমি করেছি স্বীকার,
তুমি দয়ার ভাণ্ডার,
ক্ষমা কর অপরাধ কর কৃপা বিতরণ।।
মোর দুঃখে পশুপাখি করেছে রোদন,
তোমার গলে নাকি মন,
ছেজদা কবুল কর করিমের নিবেদন।।