বাবাজি মাওলানা, মাওলাজির আয়না,
বিন দরশনে বাঁচি না।
বিরহ অনলে, সদা জ্বৈলে জ্বৈলে,
ভস্ম হৈয়াছি দেখ না।।
বিচ্ছেদ যাতনা, পরাণে সহে না,
একবার দেখা দেও না।
চরণ দেখায়ে, মেতে মজায়ে,
আজু পুনঃ ভুলে থেক না।।
সময় বসন্তে, রজনী প্রভাতে,
কুকিলের কুহু কুহু রোদনা।
কুসুম উপরে, ভ্রমরে গুঞ্জরে,
মনে হা-হাঙ্কারে ভাবনা।।
তবে বাজাই বাঁশি, করিলা উদাসী,
ঘরে পুনঃ রৈতে পারি না।
পুস্প শয্যা বিছাই, আছি পন্থ তাকাই,
কৃপা বিতরিয়া এসো না।।
আতরাঙ্গে মলি, মীমের ঘোমটা তুলি,
চন্দ্রমুখ খুলি বস না।
বাবাজী মাওলানা, পরাণে সহে না,
পুনরায় যাতনা দিওনা।।
হৃদ পুস্পবনে, তুমি অলি বিনে,
মধুকোষে করে দোলনা।
মকবুল জীবন, যায়ে অকারণ,
হৃদ মধুকোষে বস না।।