বাপ থাকিতে এতিম ছেলে, দেখছনি কেউ এ সংসারে।
না দেখিলে সবে মিলি, দেখ আমি পাপাত্মারে।।
বাপের শিরে রাজদণ্ড, পুত্রে চুনে রুটির খণ্ড,
রাজপুত্র ভিক্ষার ঝুলি, স্কন্ধে ফিরে দ্বারে দ্বারে।।
পিতা বটে ছত্র ধারি, পুত্র হল দীন ভিখারী,
শরমে মরমে মরি, এ দুঃখ বলিব কারে।।
যদি কার অবোধ ছেলে, বাহ্য করে বাপের কোলে,
পিতা হয়ে ছেলেকে কি সরোষে তাড়াতে পারে।।
পিতৃস্নেহ কোথা রলে, কান্দে খোকা বাবা বলে,
এস দেখি কি ফল দর্শায়, তব সুবিচারে।।
ত্রি-জগতের কেবলা কাবা, ভবের মাওলা আমার বাবা,
দূর দূরান্ত ঘুরে ফিরে, পুনঃ এলাম বাপের দ্বারে।।
আমি তোমার স্নেহের খোকা, অবোধ একান্ত বোকা,
কোলে তুলে লওনা আমায়, যত দোষ ক্ষমা করে।।
অবশ্য সদয় হবে, নিশ্চয় ডাকিয়ে লবে,
করিম পাগলা খোকা, উচ্চ রবে কেঁদনা রে।।