প্রেম সাগরে ডুব দিবি কে ত্বরায় চল, চলরে।
একবার ডুব দিলে প্রেম সাগরে জন্মের তরে প্রাণ শীতল।
প্রেম সাগরে ভাটি গাঙ্গে ঢেউ খেলে উজান,
ধার চিনিয়ে পার হইয়ে যায় যারা ভাগ্যবান।
মধ্য ধারায় করিয়া স্নান, জীবে পায় অমরের ফল।
প্রেম সাগরে দিবানিশি উঠে তিনটি ঢেউ,
রসিক বিনে অরসিকে ঠের পায়না তা কেউ,
পার হয়ে গেলে তিন ঢেউ, দুনিয়া তার করতল।
প্রেম সাগরে ডুব দিতে তাই কত গিয়েছে,
মহা মহা ডুবুরিরা ডুইবে মরেছে,
রমেশ বলে ডুবের কালে গুরু নাম কর সম্বল।