প্রভু প্রেম নামে কি সৃজিলা

প্রভু, প্রেম নামে কি সৃজিলা এ ভাবালয়। এ পঞ্চ ইন্দ্রিয় যোগে, পেলাম না তাঁর পরিচয়।। নয়নে না দেখি তাঁরে, কর্ণে না শ্রবণ করে। তাঁরি হুতাশনে চিত্ত, দহি সদা ভস্ম হয়।। সে ধনের নাহি মূল্য, কিছু নহে সমতুল্য। কিঞ্চিত জানয় মর্ম, প্রেম দুঃখ যে ভোগয়।। যাহার অন্তরে প্রেম, আসন করয় ক্রম। স্ত্রী পুত্র এ সংসার, হয় […]

প্রভু, প্রেম নামে কি সৃজিলা এ ভাবালয়।
এ পঞ্চ ইন্দ্রিয় যোগে, পেলাম না তাঁর পরিচয়।।

নয়নে না দেখি তাঁরে, কর্ণে না শ্রবণ করে।
তাঁরি হুতাশনে চিত্ত, দহি সদা ভস্ম হয়।।

সে ধনের নাহি মূল্য, কিছু নহে সমতুল্য।
কিঞ্চিত জানয় মর্ম, প্রেম দুঃখ যে ভোগয়।।

যাহার অন্তরে প্রেম, আসন করয় ক্রম।
স্ত্রী পুত্র এ সংসার, হয় তার বিষময়।।

মিলন হইল যার, স্বর্গবাসী এ সংসার।
বিচ্ছেদ মিলন জ্বালা, মোর মনে হেন লয়।।

যারে করলে প্রেমদান, মিলনে তার রাখ প্রাণ।
রক্ষাদাতা-সৃষ্টিকর্তা, তুমি প্রভু দয়াময়।।

ওহে ত্রিজগত নাথ, করিমের মোনাজাত।
দারুণ বিচ্ছেদ জ্বালা, শত্রু কখন না ভুগয়।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

প্রভু প্রেম নামে কি সৃজিলা