পাই যদি প্রাণপতি তাহে প্রাণী সমর্পিব।
প্রাণ সমর্পিয়ে তাঁনে প্রাণ স্থানে বসাইব।।
হৈয়ে মস্তান তাঁন, ত্যাজিব রছমী ইমান।
তাঁন ভৃত্য হই মন প্রাণে সর্বদা সেবিব।।
মজি তাঁন প্রেমভাবে, অন্ন জল ত্যাগী তবে।
নেত্রমণি করি তাঁনে সদা তাঁনে নিরীক্ষিব।।
প্রাণ সখা গাউসে ধন, এবে শান্ত কর মন।
তব পাগলা মকবুল কত আর আশায় রব।।