ধৈরনা ধৈরনা সখী করি মানা।
ঝম্প দিব আমি যমুনারি জলে।।
কিবা মারি প্রাণে, কিবা পাই তাঁনে।
যাব আমি ঐ যমুনারি কূলে।।
নতুবা ব্যাঘ্র মুখে যাব আমি বনে।
ঢোঁড়িব একদা বন বৃন্দাবনে।।
প্রেমবাঁশি স্বরে হাঁকিব তাঁহারে।
ভ্রমি ত্রিভুবনে প্রিয়া প্রিয়া বৈলে।।
জলাকৃতি ছলে, যাইব পাতালে।
ঢোঁড়িব বিচারি প্রতি বিন্দু তলে।।
তথা না হইলে দরশন তাঁর।
অন্বেষিব যাই আকাশ মণ্ডলে।।
রবি শশী তারা হার পরি গলে।
যোগী বেশে তত্ত্ব লিব দেব দলে।।
সেথা যদি তাঁরি না পাই দরশন।
দেখিব যাই বারেক ইন্দ্রকুলে।।
তথাপি যদি না হইল সদয়।
দেহ ত্যাজি আমি আপে করিব ক্ষয়।।
প্রেম ফাঁসি তাঁরি দিব মম গলে।
নতু মরিব দহিয়া প্রেমানলে।।
বাবাজী মাওলানা কতেক যাতনা।
শান্ত কর এবে মকবুল দিওয়ানা।।
কৃপা বিতরণে পদ ছবি করি।
মিশাও স্বীয় রাতুল পদ তলে।।