দিন থাকিতে গুরু বলে ডাক।
গুরু চরণ ধূলা অঙ্গে মাখ।।
দয়াল গুরুর অপার মহিমায়,
শমনে স্বমনে শঙ্কা গণে সর্বদায়,
গুরু খোদা রসূল ভেবে নির্ভুল শক্ত করে ঈমান রাখ।
গুরু শুদ্ধ প্রেম রসের খনি,
লাগাইয়ে বরজকের ডুরি, টানিতে জাননি,
মন তুই হারাবি অমূল্য মণি, একটুখানি হলে ফাঁক।।
শুদ্ধ শুরু নিত্য সচেতন,
অচেতন চেতন করিতে করে প্রাণপণ,
গুরু ত্রিতাপ বারণ মুক্তির কারণ এই কথাটি বুঝি রাখ।।
আমি অতি মূর্খ দুরাচার,
গুরু পদে নিষ্ঠা ভক্তি হলোনা আমার,
রমেশ বলে ভূমণ্ডলে বাজাইলাম কলঙ্কের ঢাক।।