আদি পিতা আদম ছফী প্রেম রঙ্গে খেলা করে,
জগতজননী ‘হাওয়ার’ শ্রীচরণে ঢলিয়ে পড়ে।
আদম ছফী আত্মহারা,
হাওয়া দেবী মাতোয়ারা,
চক্ষে মুখে অষ্ট অঙ্গে প্রেমের ছটা ফুটিয়ে পড়ে।।
আদম-হাওয়া প্রেমের খেলা,
যারি প্রেম তারি লীলা,
যেই প্রেমের প্রভাবে পড়ি ফেরেশতারা সেজদা করে।।
বিচিত্র আদমের খেলা,
সেই খেলা খেলিবার বেলা,
ভূত-প্রেত যত ইতি প্রেমানন্দে নৃত্য করে।।
ঊর্ধে মন্দাকিনীর ধারা,
আবে-জমজমের ফোয়ারা,
উভয়ের সঙ্গমেতে প্রেমের গাছে গোটা ধরে।।
যে বুঝেছে প্রেমের মর্ম,
সফল তাহারি জন্ম,
না বুঝিলে পশুর মত জীবন কাটিয়ে মরে।।
প্রেমের মর্ম জানতে চাও,
ত্বরা মাইজভাণ্ডারে যাও,
মাওলা ধনের চরণ ভজ করিমের কথা ধরে।।