আঁখি ঠারে মন হরিয়ে দিওয়ানা বানাইলরে।
প্রেমসুরা দানে আমা, মাস্তানা বানাইলরে।।
গৃহে ছিলেম আনন্দিত, প্রিয়তমে আলিঙ্গিত।
জ্বালাইয়ে রূপ শামা, পরওয়ানা বানাইলরে।।
ভাঙ্গি মম সুখপুর, করিলেন্ত জরজর।
প্রেমে মজাই বনপোঁড়া কুরঙ্গিনী বানাইলরে।।
আপনা বেগানা মোরে, তোষিতেক সমাদরে।
আজু প্রেমে মজাইয়ে, শত্রু বানাইলরে।।
প্রেমে মন করি লীন, সব থেকে করি ভিন।
প্রিয়ার কদম তলে, বৈরাগী বানাইলরে।।
সদা তছবিহ্ হাতে লিতেম, দরূদ কলমা পাঠ করিতেম।
এখন আপ্ত নামে প্রিয়ে, নাটকী বানাইলরে।।
ভব কার্য ত্যাগ করি, প্রিয়া নামে তছবিহ্ পড়ি।
অহরহ সদা মোর, কাল যাপিতে হৈলরে।।
না জানিতেম প্রেম নাম, না চিনিতেম বন্ধের ঠাম।
আজু প্রেমে মকবুলেরে, মাওলানা বানাইলরে।।