মরি জান প্রাণে গাউসেধন।
কোথা লুকিল সে মারি মোরে প্রাণে।।
তোমারি বিচ্ছেদে, ভাবনে ভাবনে।
যায় কাল মম, রোদনে রোদনে।।
কুলিনী ছিলেম তব প্রেমে মজি।
কুল মান গেল প্রেমেরি কারণে।।
ভাই বন্ধু ইষ্ট মিত্র সকলি।
বৈরী হৈল মোর ব্যক্তে গোপনে।।
যোগী বেশে বাঁশি লিয়ে প্রেমে জ্বৈলে।
হু-হু শব্দ বাজাই ফিরিনু কাননে।।
না জানি না জানি, কত কালে মোর।
মন শান্ত হবে তোমারি মিলনে।।
আমি কাঙ্গালিনী, তুমি শাহেজাহাঁ।
কেমনে মিলিব আমি তব সনে।।
কাঙ্গালিনী পরে কৃপা কৈরে শাহা।
আসন কর মম হৃদয় আসনে।।
মকবুল দিওয়ানা পরে কৃপা কর।
পরাণী বাঁচেনা বিনা দরশনে।।