প্রিয় রঙ্গিলারে,
রূপার্শিয়ে ঝলকিয়ে পলাইলারে।।
তুমি গুণবান প্রিয় তুমি গুণবান।
রূপে গুণে প্রেম খেলি প্রকাশিলা শান।।
যবে প্রিয় একেশ্বর ছিলা একাকার।
না আছিল ত্রিভুবন না ছিল সংসার।।
আপে সদা আমি আমি বলিত তখন।
না আছিল আমি বিনে তুমির ভুবন।।
আচম্বিতে রূপার্ণবে পড়িল তরঙ্গ।
আপ্ত গুণে দেখাইলা কত কত রঙ্গ।।
সপ্তাকাশ বিনা স্তম্ভে করিলা স্থাপিত।
সপ্ত শয্যা জল পরে করিলা সৃজিত।।
রবি শশী তারা লক্ষে স্বর্গ কল্যা সাজ।
মানব দীপ্তিয়ে জ্যোতি শয্যার সমাজ।।
নূরী নারী খাকিবাদী করিলা সৃজিত।
আপ্ত জ্যোতে সর্বাকার কৈল্যা আলোকিত।।
রূপ প্রকাশিয়ে রূপে পলাও আপনে।
আপে আমি আমি বলে সবে সে কারণে।।
আমি পালাইয়া তুমি হৈল উজ্জ্বল।
তুমি লুকি পুনঃ আমি হৈব প্রবল।।
আমা আবরণ তুমি তোমা বর নামি।
আমি তুমি গুম হৈলে সব প্রাণ স্বামী।।
দেহে দেহে মন আমার গুম যারে তুই।
বাড়ি কাছে চোরা বৈসে তাপাইব মুই।।
মকবুল মাওলানাজীর প্রেমপুরে যা।
যদি মনে বাঞ্ছা থাকে হৈতে রাজা।।