খাতুনে জান্নাত ফাতেমা জননী

খাতুনে-জান্নাত ফাতেমা জননী বিশ্ব-দুলালী নবী নন্দিনী।। মদিনা বাসিনী পাপ-তাপ-নাশিনী উম্মত-তারিণী আনন্দিনী।। সাহারার বুকে মাগো তুমি মেঘ-মায়া, তপ্ত মরুর প্রাণে স্নেহ-তরুছায়া; মুক্তি লভিল মা গো তব শুভ পরশে বিশ্বের যত নারী বন্দিনী।। হাসান হোসেনে তব উম্মত তরে, মা গো! কারবালা– প্রান্তরে দিলে বলিদান; বদলাতে তার রোজ হাশরের দিনে চাহিবে মা মোর মত পাপীদের ত্রাণ। এলে পাষাণের […]

খাতুনে-জান্নাত ফাতেমা জননী
বিশ্ব-দুলালী নবী নন্দিনী।।

মদিনা বাসিনী পাপ-তাপ-নাশিনী
উম্মত-তারিণী আনন্দিনী।।

সাহারার বুকে মাগো তুমি মেঘ-মায়া,
তপ্ত মরুর প্রাণে স্নেহ-তরুছায়া;
মুক্তি লভিল মা গো তব শুভ পরশে
বিশ্বের যত নারী বন্দিনী।।

হাসান হোসেনে তব উম্মত তরে, মা গো!
কারবালা– প্রান্তরে দিলে বলিদান;
বদলাতে তার রোজ হাশরের দিনে
চাহিবে মা মোর মত পাপীদের ত্রাণ।

এলে পাষাণের বুক চিরে নির্ঝর-সম,
করুণার ক্ষীর-ধারা আবে-জমজম;
ফিরদৌস হ’তে রহমত বারি ঢালো
সাধ্বী মুসলিম গরবিনী।।

লেখক: কাজী নজরুল ইসলাম